সাভার প্রতিনিধিঃ
সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের সিন্ডিকেট ও দালালচক্র নির্মূল করায় সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। গেল এক বছরে রাজস্ব আদায়ে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। সাব-রেজিস্ট্রার জানিয়েছেন, নানা প্রতিবন্ধকতা ও অসাধু চক্রের বাধা সত্ত্বেও স্বচ্ছতা নিশ্চিত করায় এই সাফল্য অর্জিত হয়েছে।
একসময় যেখানে ছিল দালালচক্র আর নানা অনিয়মের অভিযোগ। তবে সেই চিত্র এখন অনেকটাই বদলেছে।
১৮ এপ্রিল সন্ধ্যায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে সাব-রেজিস্ট্রার জাকির হোসেন জানান, স্বচ্ছতা নিশ্চিত করায় হু হু করে বাড়ছে সরকারি রাজস্ব।
অফিসের তথ্য বলছে, ২০২৪ সালে ২৪ হাজার ১১৬টি দলিল থেকে রাজস্ব এসেছিল ২৬৬ কোটি ৬৯ লাখ টাকা। ২০২৫ সালে দলিলের সংখ্যা কিছুটা কমলেও রাজস্বের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৮৯ কোটি ২১ লাখ টাকায়। অর্থাৎ বছরের ব্যবধানে বেড়েছে প্রায় ২৩ কোটি টাকা।
মাত্র তিন মাসেই বেড়েছে প্রায় ১৫ কোটি টাকা।
সরকারি নির্ধারিত ফি অনুযায়ী এখন জমি রেজিস্ট্রেশন হচ্ছে। সেবাগ্রহীতাদের অতিরিক্ত টাকা দিতে হচ্ছে না। স্বচ্ছতা আনতে গিয়ে অসাধু চক্রের চাপের মুখে পড়লেও আমাদের প্রধান লক্ষ্য সরকারি স্বার্থ রক্ষা এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়া।
দালালচক্রের প্রভাব কমে আসায় সাধারণ মানুষ এখন সরাসরি নির্ধারিত ফিতে সেবা পাচ্ছেন। এতে একদিকে যেমন জনভোগান্তি কমেছে, অন্যদিকে লাভবান হচ্ছে রাষ্ট্র। এই ধারা অব্যাহত থাকলে সাভার সাব-রেজিস্ট্রি অফিস রাজস্ব আদায়ে অনন্য উদাহরণ তৈরি করবে।