মোঃ মাছুম আহমদ জুড়ী মৌলভীবাজার,
মৌলভীবাজার প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারের গৃহীত প্রণোদনা কর্মসূচির আওতায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় খরিফ-১ মৌসুমে আউশ ধানের আবাদ সম্প্রসারণে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের এ কর্মসূচির আওতায় উপজেলার ৩৭০০ জন কৃষক সরাসরি উপকৃত হচ্ছেন।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি । তিনি বলেন, কৃষকদের প্রণোদনার মাধ্যমে উৎপাদন বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, মুশফিকীন নূর।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল আলম খান বলেন আউশ ধানের আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম এবং সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।
প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক পাচ্ছেন ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার। প্রতিজন কৃষকের জন্য সরকার নির্ধারিত মোট ব্যয় ৭৬৭ টাকা ৫০ পয়সা।
সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক কৃষি চর্চা সম্প্রসারিত হবে এবং আউশ ধানের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সমন্বিত বাস্তবায়নে এই উদ্যোগ জুড়ী উপজেলার কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।