বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে গলা ও দুই হাতের কব্জি কেটে এক নারীকে হত্যার মূল রহস্য উদঘাটন ঘোড়াশালে তিতাস গ্যাস ও প্রশাসনের যৌথ অভিযান: লক্ষাধিক টাকা জরিমানা ও বকেয়া আদায় বৈশাখী সাজে ইতালিয়ান তরুণী লুক্রেসিয়া ও নোয়াখালীর তরুণ জাবেদ ইকরাম আলোচনায় স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়িতে ড্রামে সাড়ে ৫ হাজার লিটার তেল, ভ্রাম্যমাণ আদালতের অভিযান সওজের জমি নিয়ে বিরোধ: নোয়াখালীতে উচ্ছেদের হুমকিতে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ সাভারে পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মী হৃদয়কে মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে খালে মিলল মানবদেহের খণ্ডিত পা: নৃশংস হত্যাকাণ্ডের আভাস, নেপথ্যে কারা? তদন্তে নেমেছে পুলিশ স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে, জুনের মধ্যে মিলবে ‘হেলথ কার্ড’: স্বাস্থ্যমন্ত্রী সাভারের বিরুলিয়ায় নানা আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ

দশমিনায় উপকূলে প্রথম রঙিন ফুলকপি ও ব্রকলি চাষে সাড়া, এক বিঘায় লক্ষাধিক টাকার সম্ভাবনা

Reporter Name

মোঃ নাঈম হোসাইন দশমিনা ,পটুয়াখালী প্রতিনিধি:
উপকূলীয় অঞ্চল দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে প্রথমবারের মতো রঙিন ফুলকপি ও ব্রকলির পরীক্ষামূলক চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক সুলতান সরদার। উপজেলা কৃষি অফিসের এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় ১ বিঘা জমিতে বাস্তবায়িত এ সবজি প্রদর্শনী এখন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।
উচ্চমূল্যের সাদা, হলুদ ও বেগুনি আভাযুক্ত রঙিন ফুলকপি এবং উন্নত জাতের ব্রকলি চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন সুলতান সরদার। মাঠজুড়ে সবজির সমারোহ দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের কৃষক, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা। স্থানীয় বাজারে ইতোমধ্যে এসব সবজি বিক্রি শুরু হয়েছে এবং ভালো দাম পাওয়ায় চলতি মৌসুমে লক্ষাধিক টাকার বেশি বিক্রির সম্ভাবনা দেখছেন তিনি।
কৃষক সুলতান সরদার বলেন,“প্রথমে একটু ভয় ছিল, কারণ আমাদের এলাকায় আগে কখনও রঙিন ফুলকপি চাষ হয়নি। কিন্তু উপজেলা কৃষি অফিসের নিয়মিত পরামর্শ, উন্নত বীজ ও পরিচর্যার নির্দেশনা অনুসরণ করে ভালো ফলন পেয়েছি। বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে। আগামী মৌসুমে বাণিজ্যিকভাবে বড় পরিসরে চাষের পরিকল্পনা করছি।”
সবজি ক্ষেত পরিদর্শনে আসা স্থানীয় কলেজের এক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন,“বইয়ে আমরা ব্রকলি ও রঙিন ফুলকপি সম্পর্কে পড়েছি, কিন্তু আমাদের এলাকায় এমন চাষ কখনও দেখিনি। সরাসরি দেখে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। আধুনিক কৃষির প্রতি আমাদের মতো তরুণদের আগ্রহ বাড়বে।”
রঙিন ফুলকপি ক্ষেত দেখতে আসা এক নারী দর্শনার্থী শাকিলা ইয়াসমিন বলেন,“রঙিন ফুলকপি আগে শুধু টিভি বা শহরের বাজারে দেখেছি। আমাদের গ্রামে এমন চাষ হয়েছে দেখে খুব ভালো লাগছে। যদি এভাবে চাষ বাড়ে, তাহলে আমরা তাজা ও পুষ্টিকর সবজি সহজেই পাবো।”
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহমেদ বলেন,“এসএসিপি-রেইনস প্রকল্পের মাধ্যমে আমরা উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল ও উচ্চমূল্যের ফসল সম্প্রসারণে কাজ করছি। সুলতান সরদারের জমিটি একটি প্রদর্শনী প্লট হিসেবে বাস্তবায়ন করা হয়েছে, যাতে অন্য কৃষকরা সরাসরি দেখে শিখতে পারেন। পরীক্ষামূলকভাবে প্রথম চাষেই ভালো ফলন ও বাজারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বাণিজ্যিকভাবে সম্প্রসারণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, উপকূলীয় অঞ্চলে এ ধরনের উচ্চমূল্যের ও পুষ্টিসমৃদ্ধ সবজি চাষ সম্প্রসারিত হলে কৃষকের আয় বৃদ্ধি,নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দশমিনার মাটিতে রঙিন ফুলকপি ও ব্রকলির এই সফল উদ্যোগ এখন সময়ের সেরা কৃষি উদ্ভাবন হিসেবে আলোচনায় এসেছে।