মাসুদ রানা বাবুল
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আগামী অর্থবছর থেকে স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে আয়োজিত ‘লোকজ মেলা’ উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
: মন্ত্রী জানান, কৃষকদের যেমন কার্ড দেওয়া হচ্ছে, তেমনি আগামী জুনের মধ্যে সাধারণ মানুষের জন্য হেলথ কার্ড চালু করা হবে।
হাম নিয়ন্ত্রণ: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতোমধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং মৃত্যুহার কমেছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে।
টিকাদান কর্মসূচি: আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে শিশুদের হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বর্তমানে ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনগুলোতে বিশেষ টিকাদান কর্মসূচি চলছে।
জনকল্যাণমূলক উদ্যোগ: কৃষি ঋণ মওকুফ, দুস্থদের সহায়তা, টিআর-কাবিখা এবং খাল খননসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তিনি উল্লেখ করেন।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন, সহ সভাপতি তাজুল ইসলাম বাদল,সহ স্থানীয় নেতৃবৃন্দ।