নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার কাদরা ইউনিয়নের মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে তার বাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হলে ড্রামের মধ্যে অবৈধভাবে সংরক্ষিত ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বলেন, “জব্দ করা তেলগুলো বুধবার (১৫ এপ্রিল) মাইকিংয়ের মাধ্যমে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তারা বাজারে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।