জিসান রহমান নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।
পহেলা বৈশাখের দিন থেকে শুরু হওয়া এই আয়োজন আগামী ৭ দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। মেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বিভিন্ন স্টলে গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প ও খাবারের সমাহার দেখা যাচ্ছে।
উদ্বোধনী দিনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
মেলায় আসা দর্শনার্থীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দর্শনার্থী ইব্রাহীম খলিল বলেন, “এ ধরনের আয়োজন আমাদের গ্রামীণ সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করে। পরিবার-পরিজন নিয়ে মেলায় এসে খুব ভালো লাগছে।”
নাজমিন আক্তার দর্শনার্থী বলেন, “মেলায় এসে ছোটবেলার সেই চিরচেনা পরিবেশ ফিরে পেয়েছি, যা সত্যিই আনন্দদায়ক।”
আরেক দর্শনার্থী মোজাহিদ ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্ম আমাদের সংস্কৃতি সম্পর্কে আরও জানতে পারবে।”
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, “এই মেলার মাধ্যমে গ্রামীণ সংস্কৃতির বিকাশ ঘটবে এবং মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়বে।”
মেলার শেষ দিনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।